আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন আরব জোটের, চাপে নেতানিয়াহু
জয়েন্ট লিস্টের সমর্থনে আইজেনকোটের পক্ষে আইনপ্রণেতার সংখ্যা বেড়ে ৬৭ হয়েছে, যা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা।
- আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১০:১৪:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১০:১৪:২৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
ছবি—সংগৃহীত
ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট। গত সপ্তাহের সাধারণ নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় আইজেনকোটের পক্ষে অবস্থান নিয়েছে জোটটি। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দেওয়ার সুপারিশ করবে তারা। এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত একই দিন সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে জানানো হবে।
গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্টে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।
জয়েন্ট লিস্টের সমর্থন পাওয়ায় পরবর্তী পার্লামেন্টে আইজেনকোটের পক্ষে সমর্থন জানানো আইনপ্রণেতার সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়াবে। যা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে বেশি। এর আগে থেকেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তুলনায় বেশি আইনপ্রণেতার সমর্থন পেয়েছিলেন আইজেনকোট। তবে তাকে সমর্থন দেওয়া সব আইনপ্রণেতা শেষ পর্যন্ত তার নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেবেন কি না, তা নিশ্চিত নয়।
জয়েন্ট লিস্ট জানিয়েছে, নেতানিয়াহু ও তার সরকারকে পুনরায় ক্ষমতায় আসা থেকে ঠেকানোর জনদাবির পরিপ্রেক্ষিতে জোটের তিনটি অংশ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের বিরোধিতা এবং আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি ও তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বৈধতা খর্বের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী জোটের অবস্থান এখনো যথেষ্ট স্পষ্ট নয়। তা সত্ত্বেও আইজেনকোটকে সমর্থন দেওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে জয়েন্ট লিস্ট।
জোটটির মতে, নেতানিয়াহুর তুলনায় আইজেনকোটের পক্ষে সমর্থনের ব্যবধান আরও বাড়ানো গেলে সরকার পরিবর্তনের সম্ভাবনা জোরালো হবে। একই সঙ্গে নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও কমে আসবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।