আলমপুর ইউনিয়ন বিএনপির কণ্ঠভোটে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত হলেন নজরুল ইসলাম
নওগাঁর ধামইরহাটে ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৯:০৪:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৯:০৪:৩০ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩১ বার পঠিত
ছবি: প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কারানির্যাতিত নেতা নজরুল ইসলাম সরকার। ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কণ্ঠভোট ও মতামতের ভিত্তিতে তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় আলমপুর ইউনিয়নের ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চেয়ারম্যান প্রার্থী নির্ধারণী আলোচনা সভায় প্রায় দুই হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামত ও কণ্ঠভোটের মাধ্যমে আসন্ন আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নজরুল ইসলাম সরকারের নাম চূড়ান্ত করা হয়।
নজরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি রাজনৈতিক কারণে কারানির্যাতনের শিকার হয়েছেন। দলীয় নেতাকর্মীদের দাবি, অতীতে একাধিকবার নির্বাচনে বিজয়ী হওয়ার পরও তৎকালীন ফ্যাসিবাদী সরকারের নির্বাচনী কৌশলের কারণে তিনি কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে. এম. লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন ও তরিকুল ইসলাম রাঙা, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা মহিলা দলের সহসভানেত্রী মোছাঃ মাজেদা বেগম, নওগাঁ জেলা যুবদলের সদস্য ও ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোতাহার হোসেন এবং ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, তৃণমূলের মতামত ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে নজরুল ইসলাম সরকারকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে তাঁর পক্ষে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।