নিয়মিত চিনাবাদাম খেলে বাড়তে পারে বয়স্কদের স্মৃতিশক্তি
১৬ সপ্তাহের গবেষণায় মস্তিষ্কের রক্তপ্রবাহ ও স্মৃতিসংশ্লিষ্ট কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত
- আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৭:৫১:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৭:৫১:৪২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১২ বার পঠিত
ছবি সংগৃহিত
বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে নিয়মিত চিনাবাদাম খেলে বয়স্কদের মস্তিষ্কের কিছু অঞ্চলে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়তে পারে। এতে স্মৃতিসংশ্লিষ্ট কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে ফুড অ্যান্ড ফাংশন সাময়িকীতে। নেদারল্যান্ডসের মাস্ট্রিখট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের গবেষকেরা ৬০ থেকে ৭৫ বছর বয়সী ৩১ জন সুস্থ মানুষের ওপর গবেষণাটি পরিচালনা করেন।
গবেষণায় অংশগ্রহণকারীরা টানা ১৬ সপ্তাহ প্রতিদিন ৬০ গ্রাম করে খোসাসহ লবণবিহীন ভাজা চিনাবাদাম খান। পরবর্তী সময়ে চিনাবাদাম না খাওয়ার সময়কালের ফলাফলের সঙ্গে তাদের শারীরিক পরিবর্তন তুলনা করা হয়।
গবেষকেরা দেখতে পান, চিনাবাদাম খাওয়ার পর মস্তিষ্কের ডান পাশের হিপোক্যাম্পাস, প্যারাহিপোক্যাম্পাল গাইরাস, লিঙ্গুয়াল গাইরাস ও পোস্টেরিয়র সিঙ্গুলেট গাইরাসে ইনসুলিনের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা উন্নত হয়েছে। মস্তিষ্কের এসব অঞ্চল স্মৃতি সংরক্ষণ ও বিভিন্ন জ্ঞানীয় কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।
গবেষণায় নাকের মাধ্যমে ইনসুলিন প্রয়োগ করে এমআরআই প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে রক্তপ্রবাহের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়।
এর আগে একই গবেষক দলের ২০২৫ সালে প্রকাশিত আরেক গবেষণায় দেখা যায়, ১৬ সপ্তাহ চিনাবাদাম খাওয়ার পর অংশগ্রহণকারীদের মস্তিষ্কে মোট রক্তপ্রবাহ ৩ দশমিক ৬ শতাংশ এবং মৌখিক স্মৃতিশক্তি ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছিল।
গবেষকদের মতে, চিনাবাদামে থাকা অসম্পৃক্ত চর্বি, আঁশ, ভিটামিন, খনিজ, উদ্ভিজ্জ প্রোটিন ও এল-আর্জিনিন এর সম্ভাব্য উপকারে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এল-আর্জিনিন শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে সহায়তা করে, যা রক্তনালির কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
তবে গবেষকেরা জানিয়েছেন, চিনাবাদাম খেলে আলঝেইমার বা ডিমেনশিয়া প্রতিরোধ হয়—এমন নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। অল্পসংখ্যক মানুষের ওপর পরিচালিত এ গবেষণার ফল নিশ্চিত করতে আরও বড় পরিসরে দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।