স্বাস্থ্য খাতে বড় উদ্যোগ: ১৫১ শয্যার হাসপাতাল, নতুন নিয়োগ ও ডায়ালাইসিস সুবিধা
উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীতকরণ, ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার।
- আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৭:৩৮:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৭:৩৮:১৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
ছবি সংগৃহিত
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করতে প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ডায়ালাইসিস সুবিধা বৃদ্ধি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। আগামী দুই বছরের মধ্যে দেশের চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নের আশাবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা ডাকবাংলোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে উপজেলা হাসপাতাল উন্নীতকরণ প্রকল্পের দরপত্র আহ্বাবানের পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন, মাতৃত্বকালীন ও নবজাতকদের জন্য ২০টি করে শয্যা, পৃথক ফিজিওথেরাপি কেন্দ্র এবং উন্নত প্যাথলজি সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকদের আবাসনসহ ভবন নির্মাণ এবং ওয়ার্ড পর্যায়ে মেডিকেল ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। এসব কেন্দ্রে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং, রক্ত পরীক্ষা এবং রক্তচাপ পরিমাপের ব্যবস্থা থাকবে। রোগীদের স্বাস্থ্যতথ্য সংরক্ষণে কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে এক হাজার ১০০টির বেশি মেশিনের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০টি এবং জেলা হাসপাতালে ১০টি করে মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পাঁচটি রোবোটিক সার্জন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জনবলসংকট কমাতে আগামী ১ নভেম্বর সাড়ে ৪০০ চিকিৎসক যোগ দেবেন। আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ এবং চলতি বছর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে ৪১ হাজার ৩৯১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।
সরকারি হাসপাতালের রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান মন্ত্রী। নিয়ম না মেনে পরিচালিত ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিকের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।
আগামী দুই বছরের মধ্যে দুর্নীতিমুক্তভাবে দেশের চিকিৎসাসেবার মান উন্নত করার আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।