অনুমতি পেলে ক্রসফায়ারের কথাও বললেন আইজিপি
পুলিশ বলপ্রয়োগ করলে সমালোচনা, নিষ্ক্রিয় থাকলেও দুর্বল বলা হয়: আইজিপি
- আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০২:৪৯:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০২:৪৯:৪৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২১ বার পঠিত
ছবি: সংগৃহীত
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে সমালোচনার মুখে পড়ে, আবার নিষ্ক্রিয় থাকলেও দুর্বল বলে আখ্যা দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘যেখানে ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, আমরা সেটাই করব।’
পুলিশের বলপ্রয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুলিশ লাঠিপেটা করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আর নীরব থাকলে দুর্বল বলে মন্তব্য করে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।
তিনি আরও বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুসরণ করা জরুরি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে যেকোনো ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে সবার সম্মিলিত সহযোগিতাও জরুরি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।