ডিবিএইচ ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৯ শতাংশ
২০২৬ সালের প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৮০ কোটি ৭৬ লাখ টাকা; বেড়েছে শেয়ারপ্রতি আয় ও নিট সম্পদমূল্য।
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১২:৩১:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১২:৩৬:৩৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
ছবি সংগৃহীত
চলতি বছরের প্রথম নয় মাসে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির কর-পরবর্তী নিট মুনাফা ৯ শতাংশ বেড়ে ৮০ কোটি ৭৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৭৪ কোটি ৩৮ লাখ টাকা। প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও মুনাফা ও সম্পদমূল্য বৃদ্ধির ধারা ধরে রেখেছে আবাসন অর্থায়ন খাতের প্রতিষ্ঠানটি।
২০২৬ সালের প্রথম নয় মাসের প্রকাশিত আর্থিক ফলাফল অনুযায়ী, এ সময়ে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৩ টাকা ৯৮ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৬৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২ টাকা ৩ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ সম্পদমূল্য ছিল ৪৯ টাকা ৫৫ পয়সা।
আর্থিক ফলাফল সম্পর্কে ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ২০২৬ সালের প্রথম নয় মাসের ফলাফল প্রতিষ্ঠানটির পরিচালনাগত দক্ষতা, দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। বাজারের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আরও বেশি মানুষের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গত তিন দশক ধরে দেশে গৃহঋণ ও আবাসন অর্থায়ন সেবা দিয়ে আসছে। প্রচলিত অর্থায়নের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইসলামিক ফাইন্যান্স উইংয়ের মাধ্যমেও আবাসন অর্থায়নের সুবিধা দেওয়া হয়। এ ছাড়া মেয়াদি আমানত ও মুদারাবা আমানতসহ বিভিন্ন ধরনের আমানত সেবা রয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১৯টি শাখার মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ডিবিএইচ ফাইন্যান্সের দাবি, টানা ২১ বছর ধরে তারা সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ ধরে রেখেছে। প্রতিষ্ঠার পর থেকে খেলাপি ঋণের হারও ১ শতাংশের নিচে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।