আইফোনে ১০০ শতাংশ চার্জ পূর্ণ হলে চার্জিং নিয়ন্ত্রণ করা হয়। একই ধরনের প্রযুক্তি স্যামসাংসহ বিভিন্ন আধুনিক অ্যান্ড্রয়েড ফোনেও রয়েছে। তবে দীর্ঘ সময় ব্যাটারিকে ১০০ শতাংশ চার্জ অবস্থায় রাখা এর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি নয়। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের সঙ্গে স্বাভাবিকভাবেই ক্ষয় হয় এবং দীর্ঘ সময় পুরো চার্জ অবস্থায় থাকলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়তে পারে।
এ কারণে অনেক স্মার্টফোনে চার্জ সীমিত রাখার সুবিধা রয়েছে। গুগল পিক্সেলের অ্যাডাপটিভ চার্জিং এবং স্যামসাংয়ের ব্যাটারি প্রটেকশন সুবিধা ব্যবহার করে দীর্ঘ সময় ফোনকে সর্বোচ্চ চার্জে না রাখার ব্যবস্থা করা যায়।
ব্যাটারির স্থায়িত্বের ক্ষেত্রে তাপমাত্রাও গুরুত্বপূর্ণ। চার্জ দেওয়ার সময় ফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক হলেও অতিরিক্ত তাপ ব্যাটারির সক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই চার্জ দেওয়ার সময় ফোন বালিশ, কম্বল বা মোটা কাপড়ের নিচে রাখা উচিত নয়। একই সময়ে দীর্ঘক্ষণ ভারী গেম খেলা বা অতিরিক্ত প্রসেসিংয়ের কাজ করাও এড়িয়ে চলা ভালো। অ্যাপলের তথ্য অনুযায়ী, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ফোন ব্যবহার বা চার্জ করলে ব্যাটারির ক্ষতি হতে পারে।
ব্যাটারি ভালো রাখতে ফোন চার্জের সময় খোলা ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখা, অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ রাখা এবং মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ফোনে ব্যাটারি প্রটেকশন বা অপ্টিমাইজড চার্জিং সুবিধা থাকলে সেটিও চালু রাখা যেতে পারে।
তবে ব্যাটারি একটি ক্ষয়যোগ্য উপাদান হওয়ায় যত্ন নেওয়ার পরও সময়ের সঙ্গে এর সক্ষমতা কমবে। তাই শুধু সারারাত চার্জে রাখাকেই ব্যাটারি নষ্ট হওয়ার একমাত্র কারণ হিসেবে দেখা ঠিক নয়। ব্যাটারির আয়ু নির্ভর করে তাপমাত্রা, ব্যবহারের ধরন, চার্জিং অভ্যাস এবং ব্যাটারির বয়সের ওপর।