মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালয়ি তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া।
বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইট থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। পথে কারিগরি ত্রুটি দেখা দিলে কেঙ্গে শহরে জরুরি অবতরণের চেষ্টা করে। তবে সেখানে কোনো অবতরণক্ষেত্র না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কোয়াঙ্গোর উপগভর্নর রেমি সাকি বোকিন্দা।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানান, দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনের মরদেহ আগুনে এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাইলটের মরদেহ পাওয়া যায়।
সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধিদলের সদস্য, বেসামরিক ব্যক্তি এবং অন্যান্য সামরিক সদস্যও ছিলেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এফোমি একেঙ্গে।
ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত চলছে। এর মধ্যে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীও রয়েছে।