জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে পরিবহন ব্যয় বেড়ে রাজধানীর মাছ, সবজি ও মুরগির বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে।
রাজধানীর বাজারগুলোতে মাছের সরবরাহ বাড়লেও দাম কমেনি। বরং বিক্রেতাদের দাবি, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
চাষের রুই ও কাতলার দাম কেজিতে ৪০০ টাকা ছাড়িয়েছে। নদীর মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে। কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা কমলেও ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে সবজির বাজারেও। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কয়েক সপ্তাহ পর শীতকালীন সবজির সরবরাহ বাড়লে বাজারে দাম কমতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে বলে স্বস্তিতে নেই ক্রেতারা।
এদিকে ডিমের বাজারেও স্বস্তি নেই। লাল ডিমের এক ডজনের দাম ১৪৫ টাকা। পাড়া মহল্লার দোকানে একই পরিমাণ ডিম কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৫০ টাকা।
ব্রয়লার মুরগির দামও কেজিতে ১০ টাকা বেড়েছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে কেজি ৩৭০ টাকায়। আর সোনালি মুরগির দাম কেজিতে ৩০০ থেকে ৩২০ টাকা। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস প্রায় ১ হাজার ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।