ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করে ২০২৯ সালের জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এ জন্য ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এটি ছয় লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত ছয় মাসে নেওয়া পদক্ষেপের ফলে প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগামী দুই মাসের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শতভাগ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রকল্পের নির্মাণ অগ্রগতি তুলে ধরে শেখ রবিউল আলম জানান, মোট ১৩টি প্যাকেজের মধ্যে ৮টির কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। বাকি ৫টি প্যাকেজের অগ্রগতি এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এসব প্যাকেজে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে কাজের গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি শুধু সড়ক অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। নির্মাণকাজের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষের চলাচলে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা, নির্মাণের গুণগত মান বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে যেসব অংশে কাজের অগ্রগতি ধীর, সেসব স্থানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন মন্ত্রী।
দিনব্যাপী সফরে শেখ রবিউল আলম সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের কাঁচপুর-নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ অংশ পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনার পাশাপাশি বাস্তবায়ন-সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা এবং নির্মাণকাজে নিয়োজিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
২০২৯ সালের জুনে ৬ লেনের ঢাকা-সিলেট মহাসড়ক চালুর লক্ষ্য
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। ভূমি অধিগ্রহণের অগ্রগতি ৫৬ শতাংশ, দ্রুত এগোচ্ছে নির্মাণকাজও।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:২১:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৮:০০:৩১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর