নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বাড়াতে সৌরবিদ্যুৎকেন্দ্রের নির্দিষ্ট সরঞ্জাম ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কর অব্যাহতি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে নির্দিষ্ট নয় ধরনের সরঞ্জাম আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি ও আগাম কর থেকে নির্ধারিত শর্তে অব্যাহতির কথা জানানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে। তবে সুবিধা পেতে আমদানিকারক ও সংশ্লিষ্ট পণ্যকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
সুবিধার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে স্টিল ও অ্যালুমিনিয়ামের মাউন্টিং স্ট্রাকচার, ফটোভোলটাইক ডিসি ও এসি জেনারেটর, সোলার ইনভার্টার, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, সোলার প্ল্যান্ট মনিটরিং বা নিয়ন্ত্রণ ব্যবস্থা, সোলার ফটোভোলটাইক মডিউল বা প্যানেল এবং ব্যাটারি থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব পণ্যের ওপর আমদানি পর্যায়ে প্রযোজ্য এক শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটির সমপরিমাণ এবং এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক ও আগাম কর থেকে নির্ধারিত শর্তে অব্যাহতি দেওয়া হবে।
অব্যাহতি সুবিধা পেতে আমদানিকারক প্রতিষ্ঠানকে ভ্যাট কমপ্লায়েন্ট হতে হবে। অর্থাৎ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী নিবন্ধিত হয়ে প্রয়োজনীয় হিসাবরক্ষণ, কর চালান ও দাখিলপত্রসহ আনুষ্ঠানিকতা পালন করতে হবে।
সোলার প্যানেল ও ফটোভোলটাইক জেনারেটরের অংশ হিসেবে আমদানি করা লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে শুল্কায়নের সময় প্রস্তুতকারকের সনদ দাখিল করতে হবে। ফটোভোলটাইক জেনারেটরের অংশ হিসেবে আমদানি করা লিথিয়াম ব্যাটারি IEC-62619:2022 মানসম্পন্ন হতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো অ্যাক্রেডিটেড প্রতিষ্ঠান বা ল্যাবরেটরির প্রত্যয়নপত্রও জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আমদানি করা পণ্য শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট প্ল্যান্ট বা সিস্টেম তৈরির কাজে বিক্রি বা সরবরাহ করা যাবে। এ জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি বা সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র শুল্কায়নের সময় সংশ্লিষ্ট কাস্টমস হাউস বা কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে।
আমদানি ও শুল্কায়ন সংক্রান্ত অন্যান্য শর্তও যথাযথভাবে পালন করতে হবে। শর্তগুলো পূরণ হয়েছে কি না, তা সংশ্লিষ্ট শুল্কায়নকারী কর্মকর্তা যাচাই করবেন। এরপর ডেপুটি কমিশনার বা সহকারী কমিশনার পর্যায়ে শুল্কায়ন অনুমোদন করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।