আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে থাকা সিসি ক্যামেরার তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত ছকে এসব তথ্য প্রস্তুত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে ইসি সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে চিঠিটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরার বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করা তথ্যের হার্ডকপি ও সফট কপি (নিকস ফন্ট) সংগ্রহ করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এ জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে তা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর কোনোটি অচল থাকলে দ্রুত সচল করার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে প্রয়োজনীয় তাগাদা দেওয়ার জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরাগুলোর বর্তমান অবস্থা ও তথ্য যাচাইয়ের উদ্যোগ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।