স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি সম্পর্কে সরকার অবগত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, নির্বাচনের তারিখ ঘোষণার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে ইসির কোনো আলোচনা বা পত্র যোগাযোগ হয়নি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচনে ইসির পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। মীর শাহে আলম বলেন, সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে তাঁরাও ইসির ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচির বিষয়ে জানতে পেরেছেন। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা, প্রস্তুতি সভা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে বাজেটসহ বিভিন্ন বিষয়ও বিবেচনায় নিতে হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন আয়োজনের ক্ষমতা তাদের রয়েছে। তবে ইউপি নির্বাচনের ঘোষিত সময়সূচি নিয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। এর আগে সোমবার বিকেলে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে ইসি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচন হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট আয়োজনের কথা রয়েছে। পরবর্তী ধাপগুলোতে ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম, ২২ এপ্রিল ষষ্ঠ এবং ২৭ মে সপ্তম ধাপের নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ৬৩ জেলার ৮০ উপজেলার সব ইউনিয়নে নির্বাচন করার কথা বলা হয়েছে। তবে উপনির্বাচনের কারণে ঠাকুরগাঁওকে প্রথম ধাপের বাইরে রেখে দ্বিতীয় ধাপে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।
ইসি জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা, দুর্গাপূজা, রমজান ও ঈদের সময় বিবেচনায় নিয়ে সাত ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইসি আনোয়ারুল ইসলাম সরকারও জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণের লক্ষ্য রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের সঙ্গে ইসির আলোচনা হয়নি
ইসির ঘোষিত সাত ধাপের ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়, ১৭ সেপ্টেম্বর বৈঠকের পর সিদ্ধান্ত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১২:৫০:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১২:৫২:৪৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
ছবি সংগৃহিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর