তাহসিফের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের পর নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি এনসিপি আহ্বায়কের
- আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৪:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৪:১৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নিখোঁজ হওয়ার পর তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে তদন্ত করে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গভীর শোক ও বিস্ময় প্রকাশ করে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
নাহিদ ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জনসমক্ষে প্রকাশ করতে হবে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।
পোস্টের শেষাংশে মরহুম কে এম তাহসিফ সাউরির মাগফিরাত কামনা করেন নাহিদ ইসলাম। পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।