রাজধানীতে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মুগদা ও মহাখালীতে পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
- আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৫০:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৫০:৪৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১২৭ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীতে পৃথক মাদকবিরোধী অভিযানে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিরা হলেন ইসহাক ৩৮ এবং জয়নাল আবেদীন ওরফে মিন্টু ৪৭।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের কর্মকর্তারা শুক্রবার ২৮ আগস্ট ভোরে মুগদা এলাকায় অভিযান চালিয়ে ইসহাককে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক জানান, তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় মুরগির ব্যবসা করছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মুগদা থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।
ডিবি সূত্র জানায়, মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।