কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ৩৯ নৌকা
এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড, আরও প্রায় ১০০ জনের বিরুদ্ধে মামলা
- আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৯:১৮:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৯:১৮:২৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৭২ বার পঠিত
ছবি সংগৃহীত
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. নাজমুল মিয়া নামে ২৪ বছর বয়সী এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী এলাকায় মহাদেও নদে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান আসিফ।
সাজাপ্রাপ্ত নাজমুল মিয়া নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। অভিযানের সময় অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের জন্য মজুত করা প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়।
এ ছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন অকেজো করে সেগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা মহাদেও নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত নাজমুল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা পাওয়া গেছে। নির্দেশনার কাগজ হাতে পাওয়ার পর মামলা রুজু করা হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।