আশুলিয়ায় বিস্ফোরণে যুবকের চার আঙুল বিচ্ছিন্ন, ককটেল তৈরির অভিযোগে তদন্ত
- আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:২৬:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:২৬:৩০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৭৫ বার পঠিত
ছবি সংগৃহীত
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাসার ভেতরে বিস্ফোরণের ঘটনায় রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেল-জাতীয় বিস্ফোরক তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে আশুলিয়া থানার ভাদাইল এলাকার পাবনারটেক পশ্চিমপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
পুলিশের তথ্য অনুযায়ী, আহত রনি প্রায় আট বছর ধরে ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ককটেল তৈরির চেষ্টার সময় বিস্ফোরণ ঘটে এবং এতে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান।
ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর সেখানে পাওয়া আলামত থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষে ককটেল-জাতীয় বিস্ফোরক তৈরির সময়ই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্ত ও আলামত সংগ্রহের জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদেরও ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।
তবে আহত রনিকে ঢাকার কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।