ঝালকাঠিতে ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা, কয়লার বদলে পুড়ছে কাঠ
সরকারি বিধিমালা উপেক্ষা করে লোকালয় ও ফসলি জমির পাশে গড়ে ওঠা ভাটার কালো ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকিতে।
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৩:৫১:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৩:৫১:৩৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
ছবি : প্রতিনিধি
ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই অধিকাংশ ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। সরকারি বিধিমালা উপেক্ষা করে এসব ভাটায় ইট পোড়ানোর কাজে কয়লার পরিবর্তে অবাধে ব্যবহার করা হচ্ছে বনের কাঠ। এতে জেলার পরিবেশ দূষণ, বনজ সম্পদ উজাড় এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ এবং পরিবেশ সংরক্ষণ নীতিমালা অনুযায়ী ভাটা পরিচালনার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু ঝালকাঠির অধিকাংশ ইটভাটায় এসব আইনি শর্ত মানা হচ্ছে না। আইনের তোয়াক্কা না করেই লোকালয় ও ফসলি জমির পাশে গড়ে উঠেছে অনেক ভাটা।
এদিকে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর ফলে ভাটাগুলোর চিমনি দিয়ে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া ও ছাই। এতে এলাকার বাতাস ভারী হয়ে উঠছে এবং শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। পাশাপাশি ধোঁয়া ও ছাইয়ের প্রভাবে পার্শ্ববর্তী ফসলি জমির উর্বরতা এবং ফলদ ও বনজ গাছপালার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার না থাকায় একশ্রেণির ভাটা মালিক বেপরোয়া হয়ে উঠেছেন। ফলে পরিবেশ রক্ষার আইনগুলো কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকছে।
সচেতন মহলের দাবি, পরিবেশ ও কৃষি রক্ষায় জেলার সব ইটভাটার লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র এবং জ্বালানির উৎস জরুরি ভিত্তিতে যাচাই করতে হবে। অবৈধভাবে পরিচালিত ভাটাগুলো চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।
এ বিষয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করে নিয়মিত অভিযান পরিচালনা এবং কাঠ পোড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসসী
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।