মহাখালীতে ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তার মৃত্যু, এক নারী আটক
- আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:২২:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:২২:২৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৯ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর মহাখালী টিভি গেইট এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা মামুন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার কারণ ও প্রকৃত প্রেক্ষাপট জানতে তদন্ত চলছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মামুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামের বাবুল আহমেদের ছেলে। তিনি গত ১ জুলাই থেকে বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার দুপুরে বিউটি আক্তার নামে এক নারী মামুনের বাসায় যান। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে ছুরিকাঘাতে মামুন গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ওই নারীকে আটক করেন এবং আহত মামুনকে হাসপাতালে পাঠান। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।