ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, সাময়িক বন্ধ ইমিগ্রেশন কার্যক্রম
- আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৩:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৩:৪৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৯৯ বার পঠিত
সংগৃহীত ছবি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার সার্ভার রুমে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান, অগ্নিকাণ্ডের কারণে ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত কার্যক্রম পুনরায় চালু করা হবে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।