রাজধানীর ভোটকেন্দ্রে পুলিশের অভিযান: ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
- আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১০:২৪:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১০:২৫:৩৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৬ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার ধুপখোলা মাঠ সংলগ্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫২টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে 'কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ' ভবনের নিচতলায় তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভবনটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের তালিকায় থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভবনটিতে তল্লাশি চালানো হয়। সাততলা বিশিষ্ট এই ভবনটির দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্ট এবং বাকি অংশজুড়ে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালিত হয়। তল্লাশির সময় ভবনের প্রতিটি কক্ষে অভিযান চালানো হলে নিচতলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫২টি স্ট্যাম্প পাওয়া যায়।
অস্ত্র বা বিস্ফোরক জাতীয় কোনো সন্দেহজনক বস্তুর উপস্থিতি ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জানান, তিনি নিজে উপস্থিত থেকে প্রতিটি বস্তা ও সরঞ্জাম পরীক্ষা করেছেন। সেখানে স্ট্যাম্প ব্যতীত অন্য কোনো আপত্তিকর বস্তু পাওয়া যায়নি। তবে নির্বাচনের আগে একটি সম্ভাব্য ভোটকেন্দ্রে কেন এবং কী উদ্দেশ্যে এত বিপুল সংখ্যক স্ট্যাম্প মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধারকৃত স্ট্যাম্পগুলো বর্তমানে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।