খালেদা জিয়ার শারীরিক অবনতি: রাষ্ট্রপতি–প্রধান উপদেষ্টার উদ্বেগ, দোয়া-মোনাজাতে উপদেষ্টা পরিষদ
- আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০২:১৬:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০২:১৬:১২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে রাষ্ট্র ও সরকারের উচ্চপর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, আর মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।
খালেদা জিয়ার স্বাস্থ্যগত জটিলতা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আজ দুপুরে এক সরকারি বার্তা পাঠান। এর আগের দিন প্রধান উপদেষ্টা ইউনূসও তার শারীরিক অবস্থাকে “রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ একজন নেত্রীর উদ্বেগজনক পরিস্থিতি” বলে উল্লেখ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন।
দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত অসুস্থতাসহ একাধিক জটিলতায় ভুগছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। পরবর্তীতে ২০২০ সালের মার্চে নির্বাহী আদেশে সাজা স্থগিতের মাধ্যমে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়, যা পরপর কয়েক দফা বাড়ানো হলেও বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি।
গণ–অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান এবং চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে ১১৭ দিন অবস্থানের পর মে মাসে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ রাখছেন এবং চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে সে বিষয়ে নজরদারি করছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।