বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার জোহরের নামাজের পর শ্যামপুরের লাল মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
- আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:১০:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:১০:২৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৬ বার পঠিত
ছবি—সংগৃহীত
মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তানভীর আহমেদ বাবার মৃত্যুর খবর জানান। একই সঙ্গে তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তানভীরের দেওয়া তথ্য অনুযায়ী, সালাহউদ্দিন আহমেদের জানাজা আগামীকাল বুধবার জোহরের নামাজের পর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় তিনি দলটির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সালাহউদ্দিন আহমেদ। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মোল্লার কাছে পরাজিত হন তিনি। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ঢাকা-৪ আসনে বিএনপির মনোনয়ন পান। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন আহমেদ। পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।