নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানায় ২৫টি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জ থানায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর পাঁচজনের মধ্যে চারজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
সোনাইমুড়ী থানায় আটক করা হয় ২৮ জনকে। তাদের মধ্যে ২২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ছয়জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে ৩৪ ধারায় এবং অপর তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া সুধারাম মডেল থানা ও হাতিয়া থানায় ২৯ জন করে, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় আটজন, চরজব্বর থানায় ১০ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে আটক করা হয়। এসব থানায় আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। শুধু অভিযান পরিচালনার পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সামাজিকভাবেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পুলিশের পক্ষ থেকে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার কারণগুলো চিহ্নিত করে তাদের স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনতেও গুরুত্ব দেওয়া হবে।
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১
২৫টি পৃথক অভিযানে আটক ১৭১ জনের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৯:৩৮:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৯:৩৮:৫১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১০ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর