স্বাস্থ্যখাতকে সরকারের অগ্রাধিকারের জায়গায় রাখা হয়েছে এবং এই খাতে সাফল্যের ওপর সরকারের বড় অর্জন নির্ভর করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের বিভিন্ন এলাকা থেকে বেশি রোগী আসা হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের যেসব হাসপাতালে বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়েও কিডনি রোগীদের চিকিৎসার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি ২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। তবে দীর্ঘ ২১ বছর পর হাসপাতালটিতে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।