সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর দুটি বালু মহাল থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাদুকাটা ১ ও যাদুকাটা ২ বালু মহালে বালু উত্তোলন বন্ধ থাকবে। আদেশ অমান্য করে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংশ্লিষ্ট দুটি রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে যাদুকাটা ১ ও যাদুকাটা ২ বালু মহালে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মামলা সংক্রান্ত জটিলতার কারণে চলতি বাংলা সনের শুরুতে এই দুটি বালু মহাল ইজারা দেওয়া সম্ভব হয়নি। তবে ১৪৩২ বাংলা সনের ইজারাদারেরা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহাল দুটি থেকে টোল আদায় করেছেন।
এর আগে ১৪৩২ বাংলা সনের জন্য যাদুকাটা নদীর দুটি বালু মহাল ইজারা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সর্বোচ্চ ১০৮ কোটি টাকা দর পাওয়া যায়। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে প্রশাসন ইজারাদারকে মহালের দখল বুঝিয়ে দিতে পারেনি। প্রায় পাঁচ মাস পর ইজারাদার দখল পান।
পরবর্তী সময়ে ১৪৩৩ বাংলা সনের জন্য নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও আদালতের আদেশে তা সম্ভব হয়নি। ওই আদেশ অনুযায়ী আগের ইজারাদাররা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মহাল দুটি থেকে টোল আদায় করেন।