মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মো. হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
২০২৫ সালের ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর মো. হিটু শেখের ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
ঘটনার পর দ্রুত আসামি হিটু শেখকে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। তদন্ত শেষে একই বছরের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
পরে ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স এবং আসামির করা আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়। শুনানি শেষে আদালত হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন।