হবিগঞ্জে বিজিবির তিন অভিযানে প্রায় ১.৮ কোটি টাকার ভারতীয় পণ্য ও গাঁজা জব্দ
- আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১১:২৮:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১১:২৮:৫৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৮৯ বার পঠিত
ছবি সংগৃহীত
হবিগঞ্জে পৃথক তিনটি অভিযানে প্রায় ১ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য, গাঁজা, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে পরিত্যক্ত একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।
বুধবার (১৫ জুলাই) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, সকালে মাধবপুর উপজেলার বেজুড়া বাসস্ট্যান্ড এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে একটি চেকপোস্ট স্থাপন করে সদস্যরা অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পানশি নামের একটি হাইওয়ে রেস্টুরেন্টের পাশের এলাকায় একটি ট্রাক ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স উদ্ধার করা হয়।
এদিকে দুপুরে সাতছড়ি ও দুধপাতিল বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। চুনারুঘাট উপজেলার সীমান্তসংলগ্ন সাতছড়ি এলাকার বনশোটি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা এবং দুটি বিয়ারের বোতল জব্দ করা হয়।
অন্যদিকে, দুধপাতিল বিওপির টিলাবাড়ি এলাকায় ভারতে পাচারের সময় ৫৪ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দ করা গাঁজা ও বিয়ার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে পাঠানো হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।