যুদ্ধবিরতি শেষের আগেই ফের আলোচনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইরান নীরব
- আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪১:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪১:৫৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
সংগৃহীত ছবি
দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতির মেয়াদ ফুরানোর এক সপ্তাহ আগেই ইরানের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে প্রথম দফা বৈঠক ব্যর্থ হওয়ার পর এবার পাকিস্তানে নতুন করে সংলাপ শুরুর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি।
ওয়াশিংটন দাবি করছে, ইরান আলোচনায় আগ্রহী। কিন্তু তেহরানের অবস্থান ভিন্ন—ইসলামাবাদ বৈঠকের আগে থেকেই দেশটি যুক্তরাষ্ট্রের প্রতি 'পূর্ণ অনাস্থার' কথা স্পষ্টভাবে জানিয়ে আসছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য স্বীকার করেছেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে জমে ওঠা অবিশ্বাস এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়।
চলমান এই উত্তেজনার সূচনা হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও হামলা পরিচালনা করে, যা মধ্যপ্রাচ্যে সংকট আরও গভীর করে তোলে। লেবাননেও হামলায় ব্যাপক হতাহত ও বড় পরিসরে বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে, যা দুই পক্ষের মধ্যে আস্থার সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে নতুন সংলাপ কতটা ফলপ্রসূ হবে, তা অনেকটাই নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছার ওপর।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।