রাবিতে হলে তল্লাশি বিতর্ক: এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ
- আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০২:৪১:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০২:৪১:১৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬৪ বার পঠিত
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে অনুমতি ছাড়া তল্লাশি চালানোর অভিযোগে হল সংসদের এজিএসসহ তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করেছে হল প্রশাসন। একই ঘটনায় হল সংসদের ভিপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
রোববার ভোরে অনুষ্ঠিত এক সভা শেষে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমান এ সিদ্ধান্ত জানান। আবাসিকতা বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোজাম্মেল (এজিএস), আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাকিব জুবায়ের (সাংস্কৃতিক সম্পাদক) এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জিম। এছাড়া ভিপি মো. মোজাম্মেল হককে শোকজ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে হলের একটি কক্ষে নারী অবস্থানের সন্দেহে হল সংসদের একাংশ তল্লাশি চালায়। তবে সেখানে কোনো নারী পাওয়া যায়নি। এ ঘটনায় সন্ধ্যায় প্রাধ্যক্ষের কক্ষে বৈঠক ডাকা হলে সংশ্লিষ্টদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়। কয়েকজন অনুপস্থিত থাকায় বৈঠক স্থগিত করা হয় এবং রাতভর হলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।
পরবর্তীতে ভোরে পুনরায় বৈঠক শেষে প্রশাসন জানায়, প্রাথমিকভাবে অভিযোগটি অসত্য ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং ভিপিকে শোকজ করা হয়েছে।
হল প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমান জানান, প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের তল্লাশি পরিচালনা করা এখতিয়ার বহির্ভূত। তিনি বলেন, হলে কোনো ধরনের তল্লাশি হলে তা অবশ্যই প্রশাসনের মাধ্যমে হওয়া উচিত।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।