উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ অধ্যাদেশ ও নীতির অনুমোদন, দুটি খসড়া ফেরত
- আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৯:৩১:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৯:৩১:০৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, নীতি ও প্রস্তাব অনুমোদন পেয়েছে। একই সঙ্গে আরও পর্যালোচনার জন্য দুটি অধ্যাদেশ ও নীতির খসড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সাপ্তাহিক বৈঠকে মোট ১৩টি প্রধান এজেন্ডা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আলোচ্য এজেন্ডাগুলোর মধ্যে ১১টি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
অনুমোদিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন (রোহিতকরণ) অধ্যাদেশ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ—সবগুলোই ২০২৬ সালের খসড়া। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট সংক্রান্ত অধ্যাদেশের খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ায় নীতিগত সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে আন্তর্জাতিক ও নীতিগত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) চুক্তির খসড়া, বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে (বিজিইপিএ) স্বাক্ষরের প্রস্তাব এবং জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা, ২০২৬ অনুমোদন পায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটার উপস্থিতি বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাবও বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এর আগে ঘোষিত ভোট গ্রহণের দিন ১২ ফেব্রুয়ারির ছুটির পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) নীতি, ২০২৬-এর খসড়া আরও পর্যালোচনার প্রয়োজন হওয়ায় ফেরত পাঠানো হয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন। তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।