নৌবাহিনীকে জড়িয়ে ভারতীয় ট্রলারডুবি নিয়ে অপপ্রচার, দাবি আইএসপিআরের
- আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৭:১৭:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৭:১৭:০৮ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতীয় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় যে খবর প্রচার করা হচ্ছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট দুর্ঘটনার সময় বাংলাদেশ নৌবাহিনীর কোনো জাহাজ ভারতীয় জলসীমায় উপস্থিত ছিল না এবং নৌবাহিনীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
আইএসপিআর জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টার দিকে ভারতের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) ই-মেইলের মাধ্যমে ঢাকার এমআরসিসিকে জানায়, বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় ‘প্যারামিটা-১০’ নামের একটি ভারতীয় মাছ ধরার ট্রলার দুর্ঘটনায় ডুবে গেছে। ট্রলারটিতে ১৬ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর অন্য একটি ভারতীয় ট্রলারের সহায়তায় ১১ জন জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন তখন নিখোঁজ ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সময় বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজটি ঘটনাস্থল থেকে ১২ নটিক্যাল মাইলেরও বেশি দূরে বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল কার্যক্রমে নিয়োজিত ছিল। ভারতীয় এমআরসিসির অনুরোধ পাওয়ার পরপরই মানবিক দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে নিজস্ব জলসীমায় অনুসন্ধান ও সহায়তামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় কোস্ট গার্ড এবং স্থানীয় জেলেদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রমে অংশ নেয় বলে জানানো হয়। আইএসপিআর উল্লেখ করে, এ ধরনের সমন্বিত উদ্যোগ আঞ্চলিক মানবিক সহায়তা জোরদার করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখে।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় জলসীমায় প্রবেশ করে ট্রলারটি ডুবিয়ে দিয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আইএসপিআর। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।