লিবিয়ার গানফুদা ক্যাম্প থেকে ১৭৫ বাংলাদেশির প্রত্যাবাসন
- আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:৩১:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:৩১:৪১ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি সংগৃহীত
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আটক ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টায় তারা বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট UZ222) মাধ্যমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রত্যাবাসন কার্যক্রমে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল সরাসরি উপস্থিত ছিলেন। তারা প্রত্যাবাসিতদের গ্রহণ করেন এবং বিদায় জানান। রাষ্ট্রদূত লিবিয়ার কর্তৃপক্ষ ও আইওএমের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অভিবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, বৈধ উপায়ে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়াই একমাত্র নিরাপদ পথ। তিনি দেশে ফিরে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে ভুক্তভোগীদের পরামর্শ দেন।
এর আগে বুধবার ত্রিপোলীতে বাংলাদেশ দূতাবাস জানায়, বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।