ই-পার্লামেন্ট প্রকল্পের অগ্রগতি দেখতে কমিটি গঠন
ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি, পর্যালোচনা করবে প্রকল্প প্রস্তাব
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৩:৫৩:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৩:৫৩:৪৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের কার্যক্রম আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর ই-পার্লামেন্ট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ১০ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে গঠিত এ কমিটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্পের’ প্রস্তাব পর্যালোচনা ও বাস্তবায়ন কার্যক্রম তদারক করবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সার্বিক নির্দেশনা অনুযায়ী কমিটিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।
জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি) কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির প্রধান দায়িত্ব হবে ইউএনডিপির প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্পের’ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সংসদ গড়ে তুলতে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।