প্রতিটি স্কুলে আধুনিক কম্পিউটার ল্যাবের তাগিদ অর্থমন্ত্রীর
ডিজিটাল শিক্ষা ও এআই জ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানোর আহ্বান
- আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৩:৪৭:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৩:৫৪:৪১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কম্পিউটার, ডিজিটাল লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী নিজেও এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও শেখার পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এখন কম্পিউটারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন উন্নত লাইব্রেরি ও জ্ঞানভান্ডারের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত কম্পিউটার ল্যাব ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এই ঘাটতি দূর করা প্রয়োজন। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, সরকার উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞান ছাড়াও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন ধারণা তৈরি ও বাস্তবায়নের মানসিকতা গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের চাহিদা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও জরুরি। প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সুবিধা-অসুবিধা বিবেচনায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ক্রিকেট, ফুটবল, সাঁতার ও ব্যাডমিন্টনের পাশাপাশি শুটিং ও আর্চারির মতো খেলাতেও শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীদের ভালো ফলাফলের কথা উল্লেখ করে তিনি স্কুল পর্যায় থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ সালে জুনিয়র ও প্রাথমিক বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।