বীরগঞ্জে হঠাৎ ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে আগাম সবজি ও আলুর খেত
আশ্বিনের শেষে ৪৭ মিলিমিটার বৃষ্টিতে কৃষকের শঙ্কা
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৪৯:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৪৯:১৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
সার সংকটের পর এবার বৃষ্টিতে ডুবল আগাম আলু-ফুলকপি সংগৃহীত ছবি
দিনাজপুরের বীরগঞ্জে আশ্বিনের শেষ সপ্তাহে হঠাৎ ভারি বৃষ্টিতে আগাম সবজি ও আলুর খেত তলিয়ে গেছে। ভরা মৌসুমে আশানুরূপ বৃষ্টি না হলেও বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে ফসলের মাঠ পানির নিচে চলে যাওয়ায় কৃষকদের মধ্যে চিন্তা দেখা দিয়েছে। তবে দ্রুত পানি নেমে গেলে ফসলের বড় ক্ষতি হবে না বলে আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বীরগঞ্জে মোট কৃষিজমির পরিমাণ ৩২ হাজার ৮৯৬ হেক্টর। এর মধ্যে আমন ২৯ হাজার ৫৯২ হেক্টর, আগাম আলু ৪০ হেক্টর, ফুলকপি ৩১২ হেক্টর, বাঁধাকপি ৫৫ হেক্টর, বেগুন ২০০ হেক্টর, শসা ৩০ হেক্টর, লাউ ৮৩ হেক্টর, শিম ১২ হেক্টর এবং করলা ২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ৪৭ মিলিমিটার বৃষ্টিপাতে উপজেলার অধিকাংশ নিচু ফসলি জমি তলিয়ে যায়, ফলে আগাম আলু, শাকসবজি ও রবি মৌসুমের বিভিন্ন ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেল ও সারের সংকটের ধকল কাটতে না কাটতেই এই বৃষ্টি কৃষকদের নতুন দুশ্চিন্তায় ফেলেছে।
নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের সবজি চাষি মো. শরিফুল ইসলাম জানান, তিনি প্রায় এক একর জমিতে আগাম জাতের ফুলকপি লাগিয়েছিলেন, যা কয়েক দিনের মধ্যেই বাজারে তোলার কথা ছিল। তার ভাষ্য, জমিতে পানি জমে থাকলে গাছের গোড়ায় পচন ধরে তা মরে যাওয়ার আশঙ্কা থাকে এবং দ্রুত পানি না নামলে পুরো ক্ষেতই নষ্ট হয়ে যাবে।
সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের চাষি মহবুল ইসলাম জানান, তিনি প্রায় ৭ একর জমিতে আগাম জাতের আলুর বীজ রোপণ করেছিলেন, কিন্তু বৃষ্টিতে বীজের ওপরের মাটি ধুয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং নতুন করে বীজ বপন করতে হতে পারে, ফলে আগের পুরো খরচই লোকসানে পরিণত হবে বলে তিনি জানান।
বীরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কাশেম আলী বলেন, আগাম সবজি ও আলু চাষে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে পানি দ্রুত নেমে গেলে বড় ক্ষতি এড়ানো সম্ভব হবে। করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দিতে কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।