শৈলকুপায় শালিসি বৈঠকে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
মাদক সেবনের অভিযোগকে কেন্দ্র করে বিরোধ, কয়েকজন আটক
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৭ বার পঠিত
ছবি সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠক চলাকালে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদকসেবী সন্দেহে বড়মৌকুড়ি গ্রামের শাওন হোসেন নামে এক যুবককে পুলিশ আটক করেছিল। পরে তার ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একই গ্রামের শামীম হোসেনের সঙ্গে শাওন হোসেনের আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের জেরে শামীম শত্রুতাবশত শাওনের বিরুদ্ধে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করেছেন—এমন অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে গ্রামে শালিসি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।