দক্ষিণ লোহিত সাগরের আরও দুটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপ দখলের মধ্য দিয়ে বাব আল-মানদেব প্রণালির আশপাশে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে গোষ্ঠীটি। সোমবার ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুতি সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি অবস্থিত এই দুই দ্বীপের আগে গত সপ্তাহে মূল ভূখণ্ডের মোখা বন্দরনগরী এবং প্রণালির ভেতরের মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুতিরা। এর ধারাবাহিকতায় এবার হানিশ দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ অংশেও তাদের উপস্থিতি তৈরি হলো।
ইয়েমেনের দুই সরকারি কর্মকর্তা ও হুতিদের একজন কর্মকর্তা জানান, সরকারপন্থী কয়েক শ সেনা দ্বীপপুঞ্জ ছেড়ে যাওয়ার পর সেখানে হুতি যোদ্ধাদের মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা এসব তথ্য দিয়েছেন।
আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালি। লোহিত সাগর হয়ে এই পথ দিয়ে বিভিন্ন দেশের পণ্য ও জ্বালানি পরিবহন করা হয়। সৌদি আরবের অপরিশোধিত তেল পরিবহনেও লোহিত সাগর গুরুত্বপূর্ণ হওয়ায় ওই এলাকায় হুতিদের নিয়ন্ত্রণ বাড়লে সৌদি তেলবাহী জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও এর আশপাশের এলাকায় হুতিদের অবস্থান আরও শক্তিশালী হলে আঞ্চলিক ভূরাজনীতিতে ইরানের কৌশলগত সুবিধা বাড়তে পারে। বিশেষ করে সৌদি আরবের তেল অবকাঠামো কিংবা এই অঞ্চলের জাহাজে হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে তেল ও গ্যাসের দামেও প্রভাব পড়তে পারে।
গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপ বাব আল-মানদেব প্রণালি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর আগে মায়ুন দ্বীপ ও মোখা বন্দরনগরী দখলের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথটির আশপাশে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করেছে হুতিরা।
সাম্প্রতিক অগ্রগতির ফলে জিবুতিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছিও পৌঁছে গেছে হুতি বাহিনী। বাব আল-মানদেবের অপর পাশে থাকা জিবুতির ওই ঘাঁটি হুতিদের নিয়ন্ত্রিত অবস্থান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে বলে জানা গেছে।
তবে হুতিদের অগ্রযাত্রার বিপরীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারপন্থী বাহিনীও পাল্টা অবস্থান শক্ত করার চেষ্টা করছে। সপ্তাহান্তে সরকারি বাহিনী নতুন করে সামরিক তৎপরতা শুরু করে। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার রাতে তারা বাব আল-মানদেব প্রণালির উত্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুবাব শহরের দিকে অগ্রসর হয়েছে।