ডেঙ্গু প্রতিরোধে ঢাকাসহ সারা দেশে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি এসব প্রচারপত্রের মাধ্যমে মানুষকে ডেঙ্গুর ঝুঁকি ও প্রতিরোধের বিষয়ে সচেতন করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সোয়া ৭টায় সভাটি শুরু হয়।
সভায় ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি গার্ল গাইডস, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করার আহ্বান নিয়েও আলোচনা হয়। এসব উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরার কথা জানিয়েছে বিএনপি।
স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে আবর্জনা রাখার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের আহ্বান জানিয়েছে দলটি। এক দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে আবর্জনা রাখার ব্যবস্থা করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে। প্রয়োজন হলে দলীয়ভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এডিস মশার বংশবিস্তার রোধ করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান রিজভী।
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচির জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
সভায় সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দলের বিভিন্ন কমিটিতে কোনো সদস্য মারা গেলে, বহিষ্কৃত হলে কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী তাঁর পরবর্তী পদে থাকা ব্যক্তিকে পদোন্নতি দিয়ে শূন্য পদ পূরণের বিষয়ে আলোচনা হয়। বিএনপির চেয়ারম্যান দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী বাছাই নিয়েও সভায় আলোচনা হয়েছে। আগামী ২৯ অক্টোবর ওই আসনে ভোট হওয়ার কথা রয়েছে। বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়।
উপনির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন কার্যক্রমের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র পূরণ করে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।
জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্য রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনার প্রথমবারের মতো সভায় অংশ নেন। সভার শুরুতে তাঁদের স্বাগত জানানো হয়। দলের এক সদস্য উল্লেখ করেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আসা দুজন নেতা এবার প্রথমবারের মতো বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হয়েছেন।
বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল নিয়ে সভায় কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে রুহুল কবির রিজভী জানান, কাউন্সিল নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে শূন্য পদ পূরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
সভায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং এ জেড এম জাহিদ হোসেনসহ জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।