রাজধানীর শাহবাগে পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। তারা ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শাহবাগ থানা পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে সুপ্রিম কোর্টসংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশের এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি এলাকায় ভবঘুরে হিসেবে চলাফেরা করতেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।