নুসুক অ্যাপে কাবা তাওয়াফ ও সাঈর জন্য বৈদ্যুতিক গাড়ি বুকিং
বয়স্ক ও হাঁটাচলায় অসুবিধা রয়েছে এমন ওমরাহযাত্রীদের সুবিধার্থে নতুন সেবা চালু করেছে সৌদি আরব।
- আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৯:৫৯:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৯:৫৯:০৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
ছবি—সংগৃহীত
পবিত্র মক্কার মসজিদুল হারামে কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়ায় সাঈ করার জন্য বৈদ্যুতিক গাড়ি বুকিংয়ের সুবিধা চালু করেছে সৌদি আরবের নুসুক অ্যাপ। নতুন এ সেবার মাধ্যমে বিশেষ করে বয়স্ক এবং হাঁটাচলায় অসুবিধা রয়েছে এমন ওমরাহযাত্রীরা সহজে বৈদ্যুতিক গাড়ি বুক করতে পারবেন। রোববার (২৫ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
নতুন ব্যবস্থায় ওমরাহযাত্রীরা নুসুক অ্যাপ ব্যবহার করে তাওয়াফ ও সাঈ পালনের জন্য বৈদ্যুতিক গাড়ি বুক করতে পারবেন। দীর্ঘ সময় হাঁটতে কষ্ট হয় এমন মুসল্লিদের জন্য এ সুবিধা ইবাদত পালনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মসজিদুল হারাম ও মসজিদে নববির কার্যক্রম তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষের সহযোগিতায় এ সেবা পরিচালিত হচ্ছে। এ ব্যবস্থার আওতায় বৈদ্যুতিক গাড়ি সরবরাহের পাশাপাশি ব্যবহারকারীদের প্রয়োজনীয় সহায়তা এবং ইবাদতের সময় তাঁদের চলাচলের সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
সৌদি আরবে ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের সেবা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নুসুক অ্যাপে বৈদ্যুতিক গাড়ি বুকিংয়ের সুবিধা যুক্ত করাও সেই উদ্যোগের অংশ। এর ফলে বিভিন্ন বয়স ও শারীরিক সক্ষমতার মুসল্লিদের তাওয়াফ ও সাঈ পালনের সুযোগ আরও সহজ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৈদ্যুতিক গাড়ি বুক করতে প্রথমে মুঠোফোনে নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপে থাকা নির্ধারিত বিকল্প অনুসরণ করে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।