চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের পাঁচ শিশুর
শাখা নদীতে গোসল করতে গিয়ে একই গ্রামের পাঁচ শিশুর প্রাণহানি, এলাকায় শোক
- আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১০:৪৫:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১০:৪৫:২৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৬৩ বার পঠিত
ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা একই গ্রামের বাসিন্দা।
নিহত শিশুরা হলো চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের সময় শিশুরা পরিবারের কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর নদী থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত নদীটি পদ্মার একটি শাখা। বর্ষা ও বৃষ্টির সময়ে পদ্মা নদীর পানি এ শাখা নদীতে প্রবেশ করে। বছরের অন্যান্য সময়ে এখানে পানির পরিমাণ খুব কম থাকে। সম্প্রতি বৃষ্টি ও পদ্মায় পানি বাড়ায় নদীটিতে পানি জমেছে।
একই গ্রামের পাঁচ শিশুর একসঙ্গে মৃত্যুর ঘটনায় চরচাকলা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।