ইসলামিক ফাইন্যান্স সামিট থেকে বার্তা ‘ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, হালাল লেনদেনও ইবাদত’
বাংলাদেশসহ বিভিন্ন দেশে শরিয়াহভিত্তিক অর্থব্যবস্থা সম্প্রসারণ, সংস্কার ও জনকল্যাণমূলক অর্থায়ন নিয়ে আলোচনা
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৪:০৩:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৪:০৩:২৪ পূর্বাহ্ন
- ৩ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় দেশ-বিদেশের বরেণ্য আলেম ও ইসলামি অর্থনীতিবিদদের এক মিলনমেলা ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’ (বিআইএফএস ২০২৬)ছবি: ইসলামিক ফাইন্যান্স সামিট আয়োজকদের সৌজন্যে
ইসলামি অর্থব্যবস্থার সম্প্রসারণ, সুদমুক্ত আর্থিক লেনদেন এবং শরিয়াহভিত্তিক অর্থায়নের বৈশ্বিক অভিজ্ঞতা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’। ২২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনের মূল আয়োজন ছিল ২৪ নভেম্বর রাজধানীর একটি হোটেলে। এতে বাংলাদেশসহ ছয় দেশের প্রায় ৪০০ প্রতিনিধি, আলেম, ইসলামি অর্থনীতিবিদ ও গবেষক অংশ নেন।
সিটি ইসলামিকের উপস্থাপনায়, আইএফএ কনসালটেন্সি (আইএফএসি) ও আদল অ্যাডভাইজরি গ্রুপের যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ড নির্ধারণী সংস্থা এএওআইএফআইয়ের সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর প্রতিপাদ্য ছিল ‘ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ: স্কেলিং শরিয়াহ কমপ্লায়েন্ট ফাইন্যান্স ইন বাংলাদেশ’।
সম্মেলনে পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব শায়খ মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি বলেন, ইসলাম শুধু ব্যক্তিগত ধর্মীয় আচার পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তিনি সুদ বর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, মহান আল্লাহ সুদকে হারাম করেছেন এবং মানুষের প্রয়োজন বিবেচনায় হালাল বিকল্পও দিয়েছেন। বর্তমান ইসলামি ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি পূর্ণতা না পেলেও এটি সঠিক পথে একটি প্রশংসনীয় পদক্ষেপ।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে সুদমুক্ত অর্থব্যবস্থা প্রতিষ্ঠার অভিজ্ঞতা তুলে ধরা হয়। ড. মুফতি ইউসুফ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় পাকিস্তান, উজবেকিস্তান, মালয়েশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ ও মালদ্বীপের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
পাকিস্তানের প্রতিনিধি শায়ান আহমেদ বেগ জানান, দেশটি ২০২৮ সালের মধ্যে পুরো অর্থব্যবস্থাকে সুদমুক্ত করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, শুধু আইন বা সংবিধান পরিবর্তন করলেই সুদমুক্ত অর্থব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য মানুষের মানসিকতা, সামাজিক সংস্কৃতি এবং নেতৃত্বের আন্তরিক অঙ্গীকার প্রয়োজন।
উজবেকিস্তানের প্রতিনিধি মুজাফফর খুশনিদিনভ জানান, দেশটিতে প্রায় পাঁচ বছরের প্রস্তুতির পর প্রথমবারের মতো ইসলামি ব্যাংকিং আইন পাস হয়েছে। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ওয়াকফ ও তাকাফুল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে।
মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ সালিহিন দেরিস শরিয়াহ ব্যাখ্যায় মতপার্থক্য নিরসনে দেশটির কেন্দ্রীয় শরিয়াহ পরিষদের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, শরিয়াহ অনুসরণ শুধু ফতোয়া বা নীতিগত সিদ্ধান্তে সীমাবদ্ধ না রেখে প্রতিটি আর্থিক লেনদেনে বাস্তবায়ন নিশ্চিত করতে কঠোর তদারকি ও নিরীক্ষা জরুরি।
আফ্রিকার ২৮টি দেশে সুদমুক্ত অর্থায়নের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সম্মেলনে জানানো হয়। ড. হাবিবুল্লাহ জাকারিয়া বলেন, নাইজেরিয়ায় শরিয়াহসম্মত সুকুকের মাধ্যমে সড়ক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে সেনেগাল ও তানজানিয়ায় সুদমুক্ত ক্ষুদ্রঋণের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ চলছে।
মালদ্বীপের প্রতিনিধি হারিজ সুলাইমান দেশটির ইসলামি অর্থব্যবস্থার অগ্রগতির অভিজ্ঞতা তুলে ধরে জানান, প্রায় ২০ বছরের সম্মিলিত প্রচেষ্টায় ছোট একটি দেশও সুদমুক্ত আর্থিক ব্যবস্থায় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করতে পারে।
সম্মেলনে ইসলামি অর্থনীতির মূল লক্ষ্য হিসেবে সম্পদের সুষম বণ্টন ও মানবকল্যাণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ইসলামি অর্থব্যবস্থার সাফল্য শুধু আর্থিক প্রবৃদ্ধি কিংবা বড় অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত।
এ লক্ষ্যে ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি জাকাত, ওয়াকফ ও সদকার মতো সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তাঁরা। সম্পদ যেন কেবল বিত্তশালীদের মধ্যে আবর্তিত না হয়, সে বিষয়ে পবিত্র কোরআনের নির্দেশনাও আলোচনায় তুলে ধরা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া বিশ্বখ্যাত শরিয়াহ স্কলার ড. ফাহদ আল শাগদারি, ড. আহসান লাহসাসনা, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ও মুফতি আবদুল্লাহ মাসুমসহ দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।