দেওবন্দের মুহতামিমের দোয়ার মাধ্যমে পর্দা নামল ফরিদাবাদ জামিয়ার ৭০ সালা দস্তারবন্দী সম্মেলনের
প্রতিষ্ঠালগ্ন থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারী প্রায় ২৫ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান; দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানীর বিশেষ মোনাজাতে সমাপ্ত হলো তিন দিনব্যাপী আয়োজন
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১২:২০:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১২:২০:২১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি: প্রতিনিধি
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ‘৭০ সালা দস্তারবন্দী ও ফুজালা সম্মেলন’ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী হাফিজাহুল্লাহর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আজ সমাপ্ত হয়েছে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত জামিয়া থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী প্রাক্তন শিক্ষার্থীদের দস্তারবন্দী বা পাগড়ি প্রদান। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ উপলক্ষে প্রায় ২৫ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় বিভিন্ন সময়ে উচ্চতর হাদিস শিক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীদের একত্র করে এমন বৃহৎ পরিসরে দস্তারবন্দীর আয়োজন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, জামিয়ার প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর একত্রিত হন জামিয়ার সাবেক শিক্ষার্থীরা। উস্তাদ-শাগরেদদের পুনর্মিলন, পুরোনো দিনের স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় এবং শ্রদ্ধেয় উস্তাদদের সান্নিধ্য ও দোয়া গ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।
সম্মেলনে বিভিন্ন সময়ে দ্বীনি শিক্ষার খেদমতে নিয়োজিত ফুজালাদের উপস্থিতি আয়োজনটিকে বিশেষ মর্যাদা দেয়। পাগড়ি গ্রহণের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের ইলমি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করেন এবং দ্বীনের খেদমতে নিজেদের আরও বেশি নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী হাফিজাহুল্লাহর দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ ঐতিহাসিক সম্মেলনের পর্দা নামে। মোনাজাতে জামিয়ার উত্তরোত্তর উন্নতি, দ্বীনি শিক্ষার প্রসার, উলামায়ে কেরামের ইলমি ও আমলি খেদমত এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করা হয়।
সত্তর বছরের গৌরবময় পথচলা, প্রায় ২৫ হাজার ফুজালার দস্তারবন্দী এবং দেশ-বিদেশের উলামায়ে কেরামের উপস্থিতিতে ফরিদাবাদ জামিয়ার এ আয়োজন দেশের দ্বীনি অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।