বিরল ও প্রাণঘাতী ত্বকের রোগ স্টিভেনস-জনসন সিনড্রোম, কেন হয় ও চিকিৎসা কী
নির্দিষ্ট কিছু ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় ত্বক ও মিউকাস মেমব্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা জরুরি
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১০:৪০:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১০:৪০:০৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি—সংগৃহীত
ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতিক্রিয়া মৃদু হলেও কিছু ক্ষেত্রে তা প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। এমনই একটি বিরল কিন্তু মারাত্মক ওষুধজনিত প্রতিক্রিয়া হলো স্টিভেনস-জনসন সিনড্রোম। এ রোগে ত্বক ও মিউকাস মেমব্রেনের ব্যাপক ক্ষতি হয়। দ্রুত চিকিৎসা না নিলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।
স্টিভেনস-জনসন সিনড্রোম এবং এর সঙ্গে সম্পর্কিত টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিসে শরীরের কতটুকু ত্বক আক্রান্ত হয়েছে, তার ভিত্তিতে রোগের ধরন নির্ধারণ করা হয়। শরীরের মোট ত্বকের ১০ শতাংশের কম আক্রান্ত হলে তাকে স্টিভেনস-জনসন সিনড্রোম বলা হয়। ১০ থেকে ৩০ শতাংশ আক্রান্ত হলে সেটিকে স্টিভেনস-জনসন সিনড্রোম ও টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিসের ওভারল্যাপ বলা হয়। আর ৩০ শতাংশের বেশি ত্বক আক্রান্ত হলে তাকে টক্সিক এপিডারমাল নেক্রোলাইসিস বলা হয়।
সাধারণত কিছু নির্দিষ্ট ওষুধের কারণে এ রোগ হতে পারে। অ্যান্টিবায়োটিকের মধ্যে সালফোনামাইড গোত্রের ওষুধ, পেনিসিলিন, সেফালোস্পোরিন ও ফ্লুরোকুইনোলন গোত্রের ওষুধ এর ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া খিঁচুনির ওষুধ যেমন কারবামাজেপিন, ফেনিটয়েন, ল্যামোট্রিজিন ও ফেনোবারবিটল থেকেও এমন প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ব্যথানাশক ওষুধের মধ্যে নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ, অ্যালোপিউরিনল ও নেভিরাপিনের সঙ্গেও এ রোগের সম্পর্ক রয়েছে। তবে একই ওষুধ সেবনে সবার ক্ষেত্রে এ প্রতিক্রিয়া দেখা যায় না।
সাধারণত নতুন কোনো ওষুধ শুরু করার এক থেকে চার সপ্তাহের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রাথমিক পর্যায়ে জ্বর, শরীরব্যথা, গলাব্যথা, কাশি ও দুর্বলতা দেখা দেয়। পরে ত্বকে লালচে বা বেগুনি দাগ, ফোসকা, ত্বকের উপরিভাগ উঠে যাওয়া এবং তীব্র ব্যথা বা জ্বালাপোড়া হতে পারে।
এ রোগে শরীরের মিউকাস মেমব্রেনও আক্রান্ত হয়। মুখে ঘা, ঠোঁটে রক্তক্ষরণযুক্ত ক্ষত, চোখ লাল হওয়া ও ব্যথা এবং যৌনাঙ্গে ঘা বা ক্ষত দেখা দিতে পারে। এমনকি প্রস্রাবের সময় জ্বালাপোড়াও হতে পারে। মুখ, চোখ ও যৌনাঙ্গের মিউকাস মেমব্রেন আক্রান্ত হওয়া এ রোগের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
স্টিভেনস-জনসন সিনড্রোম একটি জরুরি চিকিৎসাজনিত অবস্থা। রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অথবা বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসার প্রয়োজন হতে পারে।
চিকিৎসার প্রথম ধাপ হলো রোগের জন্য দায়ী ওষুধ অবিলম্বে বন্ধ করা। পাশাপাশি শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা, আক্রান্ত ত্বক ও ক্ষতের যথাযথ পরিচর্যা, ব্যথা নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হয়। চোখ আক্রান্ত হলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন।
এ রোগ প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়। নতুন ওষুধ শুরু করার পর অস্বাভাবিক র্যাশ, জ্বর বা মুখে ঘা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রাথমিক লক্ষণগুলো অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া রোগের জটিলতা কমাতে গুরুত্বপূর্ণ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।