যে ৭ ফল ও সবজি খোসাসহ খেলে পাবেন বাড়তি পুষ্টি
আপেল, নাশপাতি, গাজরসহ কয়েকটি ফল ও সবজির খোসায় রয়েছে আঁশ ও অ্যান্টি-অক্সিডেন্ট
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১০:১৪:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১০:১৪:০০ অপরাহ্ন
- ৫ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি—সংগৃহীত
আপেল, নাশপাতি কিংবা গাজর খাওয়ার আগে অনেকেই খোসা ছাড়িয়ে নেন। তবে কিছু ফল ও সবজির খোসায়ও রয়েছে উপকারী খাদ্যআঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিভিন্ন উদ্ভিদজাত পুষ্টি উপাদান। ফলে এসব ফল ও সবজি খোসাসহ খেলে বাড়তি পুষ্টি পাওয়া সম্ভব। তবে সব খোসা খাওয়ার উপযোগী নয়। তাই কোন সাতটি ফল ও সবজি খোসাসহ খেতে পারেন এবং সেগুলো কীভাবে পরিষ্কার করবেন, তা জানা জরুরি।
যুক্তরাষ্ট্রের দুই পুষ্টিবিদ এলিজাবেথ শ এবং সিলভিয়া ক্লিঙ্গারের পরামর্শ অনুযায়ী, ফল ও সবজির খোসায় আঁশের পাশাপাশি পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো উদ্ভিদজাত যৌগ পাওয়া যায়। এসব যৌগের অনেকগুলোর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে।
খাদ্যের আঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি বজায় রাখতে সাহায্য করে। কিছু ফল ও সবজির খোসা ছাড়িয়ে ফেললে সেগুলোর মোট আঁশের পরিমাণ কমে যায়। অন্যদিকে খোসায় থাকা উদ্ভিদজাত যৌগ শরীরে অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে সব ফল ও সবজির খোসায় সমান পরিমাণ পুষ্টি থাকে না। এটি নির্ভর করে ফল বা সবজির ধরন, জাত, পরিপক্বতা ও প্রস্তুতপ্রণালির ওপর।
আপেলের খোসায় খাদ্যআঁশের পাশাপাশি ফ্ল্যাভোনয়েড ও পলিফেনলের মতো উপকারী উদ্ভিদজাত যৌগ থাকে। খোসাসহ আপেল খেলে এসব উপাদান কিছুটা বেশি পাওয়া যায়। আপেলের ভেতরের অংশেও ভিটামিন, আঁশ ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। তাই খোসা ছাড়িয়ে খেলেও এর পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয় না। তবে ভালোভাবে ধুয়ে খোসাসহ খেলে বাড়তি সুবিধা পাওয়া সম্ভব।
নাশপাতি আঁশসমৃদ্ধ একটি ফল। এর খোসায়ও আঁশ ও বিভিন্ন ধরনের পলিফেনল রয়েছে। খোসাসহ নাশপাতি খেলে মোট আঁশের পরিমাণ বাড়ে, যা হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে। ভালোভাবে ধুয়ে সরাসরি খাওয়া যায়। চাইলে ফলের সালাদেও যোগ করতে পারেন।
মিষ্টি আলু বিটা ক্যারোটিন ও খাদ্যআঁশসহ বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস। বিশেষ করে কমলা রঙের মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হতে পারে। এর খোসায়ও আঁশ ও বিভিন্ন উদ্ভিদজাত যৌগ রয়েছে। রান্নার আগে পরিষ্কার ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে মাটি সরিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ, ভাপানো বা বেক করে খোসাসহ খাওয়া যায়।
শসায় পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরের পানির চাহিদা পূরণে কিছুটা সাহায্য করে। শসার সবুজ খোসায় রয়েছে আঁশ, ভিটামিন ‘কে’ ও বিভিন্ন উদ্ভিদজাত যৌগ। খোসা ছাড়ালে এসব উপাদানের কিছু অংশ বাদ পড়ে যেতে পারে। ভালোভাবে ধুয়ে শসা খোসাসহ সালাদ, স্যান্ডউইচ কিংবা সরাসরি খাওয়া যায়। তবে খোসা খুব শক্ত বা তেতো হলে তা বাদ দিতে পারেন।
গাজর বিটা ক্যারোটিনের ভালো উৎস। এতে আঁশসহ আরও নানা পুষ্টি উপাদান রয়েছে। গাজরের বাইরের পাতলা স্তরেও আঁশ ও উদ্ভিদজাত যৌগ থাকে। তাই গাজর ভালো অবস্থায় থাকলে খোসা না ছাড়িয়ে খাওয়া যেতে পারে। কাঁচা খাওয়ার আগে কিংবা রান্নার সময় পরিষ্কার ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। তবে খোসা ক্ষতিগ্রস্ত হলে বা ভালোভাবে পরিষ্কার করা না গেলে তা ছাড়িয়ে নেওয়া ভালো।
পেয়ারা ভিটামিন ‘সি’ ও খাদ্যআঁশের ভালো উৎস। এর খোসায়ও আঁশ, পলিফেনল ও বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট যৌগ রয়েছে। খোসাসহ পেয়ারা খেলে এসব উপাদানের কিছুটা বেশি পাওয়া সম্ভব। তবে খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং খোসায় ক্ষত বা পচন থাকলে সতর্ক থাকতে হবে।
আলুর খোসায় খাদ্যআঁশ ও কিছু উপকারী উদ্ভিদজাত যৌগ রয়েছে। খোসাসহ আলু খেলে খোসা ছাড়ানো আলুর তুলনায় বেশি আঁশ পাওয়া যায়। তবে আলুর বেশির ভাগ পটাশিয়াম ও ভিটামিন ‘সি’ ভেতরের অংশেই থাকে। রান্নার আগে আলু ভালোভাবে ঘষে ধুয়ে সেদ্ধ বা বেক করে খাওয়া যায়। তবে সবুজ হয়ে যাওয়া, তেতো স্বাদের বা বেশি অঙ্কুর গজানো আলু খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ, এসব আলুতে ক্ষতিকর গ্লাইকো-অ্যালকালয়েডের মাত্রা বেড়ে যেতে পারে।
খোসাসহ ফল ও সবজি খাওয়ার আগে সেগুলো ভালোভাবে পরিষ্কার করা জরুরি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফল ও সবজি পরিষ্কারের জন্য সাধারণ প্রবহমান পানি ব্যবহারের পরামর্শ দেয়। ধোয়ার সময় হাত দিয়ে আলতোভাবে ঘষে নিতে হবে। শসা, গাজর ও মিষ্টি আলুর মতো শক্ত ফল ও সবজি পরিষ্কারে ব্যবহার করা যায় পরিষ্কার ভেজিটেবল ব্রাশ।
ধোয়ার পর পরিষ্কার কাপড় বা কাগজের তোয়ালে দিয়ে মুছে নেওয়া ভালো। ফল ও সবজি পরিষ্কারে সাবান, ডিটারজেন্ট, ব্লিচ কিংবা বিশেষ রাসায়নিক ক্লিনার ব্যবহার করা উচিত নয়। এসব রাসায়নিক খাবারের গায়ে থেকে যেতে পারে। এমনকি খোসা ছাড়িয়ে খাওয়ার পরিকল্পনা থাকলেও কাটার আগে ফল ও সবজি ধুয়ে নেওয়া জরুরি। অন্যথায় ছুরি দিয়ে কাটার সময় বাইরের ময়লা ও জীবাণু ভেতরের অংশে চলে যেতে পারে। তবে শুধু পানি দিয়ে ধুলেই সব জীবাণু বা কীটনাশকের অবশিষ্টাংশ সম্পূর্ণ দূর হবে, এমন নিশ্চয়তা নেই।
কিছু শারীরিক সমস্যায় খোসাসহ ফল ও সবজি খাওয়া উপযুক্ত নাও হতে পারে। ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস কিংবা অন্ত্রের কিছু সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নির্দিষ্ট পরিস্থিতিতে বেশি আঁশযুক্ত খাবার খেলে অসুবিধা হতে পারে। বিশেষ করে রোগের উপসর্গ বেড়ে গেলে বা অন্ত্রে সংকীর্ণতা থাকলে চিকিৎসক সাময়িকভাবে কিছু ফল ও সবজির খোসা বাদ দেওয়ার পরামর্শ দিতে পারেন। তবে এসব রোগ থাকলেই সব সময় খোসা ছাড়িয়ে খেতে হবে, এমন নয়। ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।
ফল বা সবজিতে ছত্রাক বা চিতি পড়লেও সতর্ক থাকতে হবে। শসা বা টমেটোর মতো নরম ফল ও সবজিতে চিতি দেখা গেলে পুরোটা ফেলে দেওয়াই নিরাপদ। কারণ, ছত্রাক দৃশ্যমান অংশের বাইরেও ছড়িয়ে থাকতে পারে। অন্যদিকে গাজর বা বাঁধাকপির মতো কিছু শক্ত সবজিতে অল্প চিতি দেখা গেলে আক্রান্ত অংশের চারপাশ ও নিচ থেকে অন্তত এক ইঞ্চি কেটে বাদ দিয়ে বাকি অংশ ব্যবহার করা যেতে পারে। তবে সব ফল ও সবজির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
খাবার পচে গেলে, অস্বাভাবিক গন্ধ হলে কিংবা নিরাপত্তা নিয়ে সন্দেহ থাকলে তা না খাওয়াই ভালো। সব মিলিয়ে, খোসাসহ ফল ও সবজি খাওয়া বাড়তি আঁশ ও উপকারী উদ্ভিদজাত যৌগ পাওয়ার সহজ উপায় হতে পারে। তবে খোসা খাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি খাওয়া।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।