চবির টিএসসি নির্মাণে ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আবাসন সংকট নিরসনে ৬৭৮ কোটি টাকার পরিকল্পনা
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে টিএসসি নির্মাণকাজ; শাটল ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও আবাসন প্রকল্প দ্রুত অনুমোদনে সরকারের সহযোগিতা চাইলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১০:২৬:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১০:২৬:০২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৮ বার পঠিত
ছবি: প্রতিনিধি
শাটল ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে সরকারের সহযোগিতা চাইলেন উপাচার্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দীর্ঘদিনের প্রত্যাশিত টিচার্স-স্টুডেন্টস সেন্টার (টিএসসি) নির্মাণ প্রকল্পটি ৫০ কোটি টাকা ব্যয়ে অনুমোদন পেয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকল্পটির কার্যক্রম শুরু করার আশাবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান উপাচার্য। কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
উপাচার্য বলেন, আগের প্রশাসনের উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান প্রশাসনের প্রচেষ্টায় টিএসসি নির্মাণ প্রকল্পটি অনুমোদন পেয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর কার্যক্রম শুরু করার আশাবাদ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে। প্রকল্পটি দ্রুত অনুমোদনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের যাতায়াতব্যবস্থা উন্নয়নে শাটল ট্রেনের সংখ্যা ও ব্যবস্থাপনা বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন উপাচার্য। শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শাটল ট্রেনের উন্নয়নকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। গবেষণার ফলাফল শিল্প ও উৎপাদন খাতের সঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি গবেষণামূলক কার্যক্রম সমৃদ্ধ করা জরুরি। গবেষণার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়বে।
উপাচার্য আরও জানান, আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নে র্যাঙ্কিং সেল গঠন করা হয়েছে। পাশাপাশি গবেষকদের উদ্ভাবন ও পেটেন্ট কার্যক্রম উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরিতে কনফুসিয়াস সেন্টার চালু করা হয়েছে। চীন থেকে শিক্ষক এসে সেখানে পাঠদান শুরু করেছেন। এ ছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে আরও আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমফিল, এমএসসি থিসিস ও পিএইচডি গবেষকদের গবেষণা সহায়তাও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী হীরকজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।