সন্ত্রাস ও নৈরাজ্য রোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের, ঝালকাঠিতে বিক্ষোভ
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত ও ছাত্রশিবির, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালনের আহ্বান।
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:৪৫:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:৪৮:১৭ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৩ বার পঠিত
ছবি : প্রতিনিধি
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান তালুকদার ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার অভিযোগ তুলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাদের অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে এবং জনমনে ভীতি ছড়াতে পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালানো হচ্ছে, যা কঠোরভাবে প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই বরদাশত করা হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন তারা। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান জানান। এতে জেলা জামায়াত, ছাত্রশিবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।