ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গ্রামবাংলার হেমন্তের আবহ ক্যাম্পাসে ছড়াতে কুবিতে উৎসবের আয়োজন

আগামী ২৯ নভেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকবে শীতের পিঠাপুলিসহ গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:১৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:১৫:৫৬ পূর্বাহ্ন
  • ৫ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
গ্রামবাংলার হেমন্তের আবহ ক্যাম্পাসে ছড়াতে কুবিতে উৎসবের আয়োজন ছবি : প্রতিনিধি

শিশিরভেজা ঘাস, কুয়াশার চাদরে মোড়ানো ভোর আর সোনালি রোদে ঝলমল করা পাকা ধানের মাঠ—প্রকৃতির এমন স্নিগ্ধ রূপ নিয়েই বাংলার ঋতুচক্রে আসে হেমন্ত। মাঠজুড়ে পাকা আমন ধানের ঢেউ, কৃষকের মুখে নতুন ফসল ঘরে তোলার হাসি। গ্রামের উঠানে রোদে শুকাতে দেওয়া হয় নতুন ধান। ঘরে ঘরে চলে পিঠা-পায়েস তৈরির আয়োজন। খেজুরের গুড়ের মিষ্টি ঘ্রাণ আর আত্মীয়স্বজনের আনাগোনায় মুখর হয়ে ওঠে বাড়ির আঙিনা। বাংলার গ্রামীণ জনপদে হেমন্ত মানেই নতুন ফসলের উৎসব, নবান্নের আনন্দ আর শেকড়ের সঙ্গে মিশে থাকা এক চিরচেনা আবেগ।


কিন্তু উচ্চশিক্ষার জন্য গ্রাম ছেড়ে বিশ্ববিদ্যালয়ে আসা অনেক শিক্ষার্থীর কাছে সেই চেনা দৃশ্য এখন স্মৃতির পাতায় বন্দি। আবাসিক হল কিংবা মেসের ব্যস্ত জীবনে মায়ের হাতের পিঠা, উঠানে নতুন ধান শুকানোর দৃশ্য কিংবা পরিবারের সবাইকে নিয়ে নবান্ন উদ্‌যাপনের মুহূর্তগুলো যেন ক্রমেই দূরের হয়ে উঠেছে। কখনো মুঠোফোনের ওপাশে মায়ের কণ্ঠে গ্রামের গল্প শুনে, কখনো পুরোনো দিনের কথা মনে করে তাঁদের কাটে হেমন্তের দিনগুলো।


গ্রামবাংলার সেই চিরচেনা ঋতুবরণের আবহ ক্যাম্পাসে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আগামী ২৯ নভেম্বর (১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) হেমন্তের আগমনকে ঘিরে বিভাগটির উদ্যোগে আয়োজন করা হচ্ছে হেমন্ত উৎসব। এতে শীতের পিঠাসহ হেমন্ত ও গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের বাংলার ঋতুবৈচিত্র্য ও লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


বাংলার ছয় ঋতুর চক্রে শরতের বিদায়ের পর আসে হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে হেমন্তকাল। এ সময় মাঠে পাকে আমন ধান, কৃষকের গোলা ভরে ওঠে নতুন ফসলে। নতুন চাল দিয়ে তৈরি হয় পিঠা-পায়েসসহ নানা ঐতিহ্যবাহী খাবার। কৃষিনির্ভর বাংলার সমাজ ও সংস্কৃতিতে এ সময়ের অন্যতম অনুষঙ্গ নবান্ন উৎসব। নতুন ফসল ঘরে তোলার আনন্দে একসময় গ্রামবাংলার ঘরে ঘরে বসত পিঠা-পায়েস তৈরির আয়োজন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে খাবার ভাগাভাগির মধ্য দিয়ে তৈরি হতো এক আন্তরিক সামাজিক বন্ধন। উৎসবটি কেবল নতুন ফসল ঘরে তোলার আনন্দেই সীমাবদ্ধ ছিল না; বরং এর সঙ্গে জড়িয়ে ছিল গ্রামীণ মানুষের জীবনযাপন, পারিবারিক সম্পর্ক ও পারস্পরিক সম্প্রীতির ঐতিহ্য।


তবে সময়ের স্রোতে বদলে গেছে গ্রামীণ জীবনের অনেক চিত্র। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার, পারিবারিক কাঠামোর পরিবর্তন, শহরমুখী জীবনযাপন ও মানুষের ব্যস্ততায় অনেক জায়গায় আগের মতো সম্মিলিত নবান্ন আয়োজন দেখা যায় না। নতুন ফসল ঘরে তোলার আনন্দও অনেক পরিবারের কাছে আর আগের মতো বিস্তৃত সামাজিক উৎসবের রূপ পায় না। ফলে নতুন ধানের ঘ্রাণ, উঠানজুড়ে পিঠা তৈরির ব্যস্ততা আর স্বজনদের মিলনমেলার স্মৃতি অনেকের কাছে হয়ে উঠেছে অতীতের এক মধুর অধ্যায়।


শৈশবের নবান্ন উৎসবের স্মৃতিচারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মীর সুমাইয়া ইয়াছমিন বলেন, “ছোটবেলায় আমাদের নবান্ন উৎসব খুব আনন্দমুখর হতো। নতুন ধান ঘরে তোলার মধ্য দিয়ে চারদিকে শুরু হতো পিঠাপুলির ধুম। বাড়িতে আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের আনাগোনা শুরু হতো। পিঠা-পায়েস যেন এই আনন্দকে আরও বাড়িয়ে দিত। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করত। কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর আগের মতো নবান্নের আনন্দ পাওয়া যায় না। এখন সেই নবান্ন উৎসবকে অনেক বেশি মনে পড়ে।”


একই ধরনের স্মৃতির কথা জানান বাংলা বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম। তিনি বলেন, “আমাদের বাড়িতে নবান্ন উপলক্ষে নানা ধরনের পিঠা তৈরি করা হতো। মা-চাচিরা সবাই মিলে রান্নার আয়োজন করতেন। এখন পড়াশোনার কারণে বাড়িতে নিয়মিত থাকা হয় না। আবার বাড়িতে গেলেও আগের মতো সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। নবান্নের সেই আনন্দটা যেন অনেকটাই স্মৃতির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে।”


হেমন্তের হাত ধরেই প্রকৃতিতে আসে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশা আর হিমেল বাতাস জানান দেয় শীতের পদধ্বনি। আর শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম। ভাপা, চিতই, পাটিসাপটা কিংবা খেজুরের গুড়ের পিঠা এসব খাবার কেবল রসনার তৃপ্তিই নয়, বরং বাঙালির লোকজ সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্যেরও অংশ। পরিবারের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে পিঠা তৈরির আয়োজন একসময় ছিল গ্রামীণ জীবনের অন্যতম আনন্দঘন অনুষঙ্গ। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসের ব্যস্ত জীবনে থাকা শিক্ষার্থীদের কাছে এসব আয়োজন অনেক সময়ই হয়ে ওঠে বাড়ির স্মৃতি। তাই ক্যাম্পাসে হেমন্ত উৎসবের মতো আয়োজন তাঁদের সেই পরিচিত সাংস্কৃতিক আবহের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে পারে।


উৎসবের আমেজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাওজিয়া ফারিহা বলেন, “আমাদের এমসিজে ডিপার্টমেন্টের হেমন্ত উৎসবের অংশ হতে পারাটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। সবার সঙ্গে মিলে কাজ করা, পরিকল্পনা করা এবং নিজের হাতে পুরো পরিবেশটাকে সাজিয়ে তোলার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। আশা করছি, আমাদের সবার পরিশ্রমে এবারের উৎসব সবার জন্য অনেক সুন্দর ও স্মরণীয় হয়ে থাকবে।”


তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিভিন্ন জাতীয় দিবস ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ঋতুভিত্তিক উৎসব শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহী করে তুলতে পারে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে নিজেদের এলাকার ঐতিহ্যবাহী খাবার, পিঠা ও সংস্কৃতি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পান। এতে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রকাশের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও অংশগ্রহণও বাড়ে।”


বিশ্ববিদ্যালয় কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জায়গা নয়, এটি নানা সংস্কৃতি, অভিজ্ঞতা ও ঐতিহ্যের সম্মিলনস্থল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা এখানে একসঙ্গে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের আঞ্চলিক সংস্কৃতি ও জীবনযাপনের গল্পও ভাগ করে নেন। ঋতুভিত্তিক উৎসব সেই বৈচিত্র্যকে আরও কাছাকাছি নিয়ে আসে। এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম যেমন নিজেদের শেকড় ও লোকজ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, তেমনি ক্যাম্পাসজীবনেও তৈরি হয় ভিন্ন এক প্রাণবন্ত পরিবেশ।


হেমন্ত প্রকৃতির কাছে নতুন ফসলের বার্তা নিয়ে আসে, আর মানুষের কাছে ফিরিয়ে দেয় শেকড়ের টান ও স্মৃতির দরজা। সময়ের পরিবর্তনে গ্রামীণ জীবনের অনেক আয়োজন বদলে গেলেও নতুন ধানের ঘ্রাণ, পিঠা-পায়েসের স্বাদ আর স্বজনদের মিলনমেলার আবেদন এখনো বাঙালির হৃদয়ে অমলিন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হেমন্ত উৎসব তাই কেবল একটি ঋতুভিত্তিক আয়োজন নয়; বরং ব্যস্ত ক্যাম্পাসজীবনে গ্রামবাংলার চিরচেনা আবহ ফিরিয়ে আনা, শৈশবের স্মৃতিকে ছুঁয়ে দেখা এবং নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্যকে তুলে ধরার এক প্রয়াস। নাগরিক ব্যস্ততা আর প্রাতিষ্ঠানিক জীবনের ভিড়ে এমন আয়োজন যেন মনে করিয়ে দেয় ঋতু বদলায়, সময় বদলায়, কিন্তু শেকড়ের টান কখনো ফুরায় না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।