পূর্বধলায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
উপজেলা পরিষদের নতুন প্রধান ফটক ও অফিসার্স ক্লাবের নির্মাণকাজ উদ্বোধন; ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আর্থিক অনুদান, দুস্থ নারীদের সেলাই মেশিন ও গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল হস্তান্তর
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৫:২৩:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৫:২৩:৫৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৮ বার পঠিত
ছবি: প্রতিনিধি
নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিনের শুরুতে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে নতুন প্রধান ফটক (গেট) নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কারিগরি সহায়তায় নির্মিতব্য ‘অফিসার্স ক্লাব’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি । উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সরকারি সহায়তা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়।
পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সামগ্রী, অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং দায়িত্ব পালনে গতিশীলতা আনতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এই অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক সহায়তা উপজেলার সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।